সুনামগঞ্জে আপন ভাতিজাকে খুনের দায়ে চাচার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ছদরুল হোসেন চৌধুরী(৫৪)। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর দরগাপাশা গ্রামের আছাবুর রহমান চৌধুরীর ছেলে হাবিবুর কিবরিয়া চৌধুরী সেজু (৯)-কে পারিবারিক ও জমি-জমা বিরোধের জের ধরে গলা টিপে হত্যা করে সেজুর আপন বড় চাচা ছদরুল হোসেন চৌধুরী। হত্যা করে তার লাশ ধানের গোলার নিচে রেখে ঘর তালাবন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক চাচা ছদরুল হোসেন চৌধুরী।
ঘটনার পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরীর বাদী হয়ে ছদরুল হোসেন চৌধুরীকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ছদরুল হোসেন চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণা পর্যন্তও সাজপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।
ইত্তেফাক/এসসিএস/এমএএম