নতুন এক সাবা...

কা ম রু জ্জা মা ন  মি লু

 

করোনা ভাইরাস। লকডাউন। সব কাজ বন্ধ। এই তো কয়েকদিন আগেও সকলে অন্য এক আতঙ্কে সময় কাটাচ্ছিল। বলতে গেলে বিশ্বের সকল অভিনয় শিল্পীরা লম্বা একটা দুঃসময় পার করেছেন। তবে আবারো শুরু হয়েছে কাজ। বাংলাদেশের অভিনয় শিল্পীরাও নতুন করে কাজ শুরু করেছেন।

লকডাউনের মধ্যে নিজেকে নতুন করে প্রস্তুত করেছেন অনেক অভিনয়শিল্পী। ভিন্ন এক প্রত্যয়ে কাজ শুরু করেছেন। যেমন কাজে নিয়মিত হয়েছেন সোহানা সাবা। শিগগিরই নতুন এক পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এর প্রস্তুতিও প্রায় শেষদিকে। অভিনয়শিল্পী হিসেবেই বেশি পরিচিত সাবা। এর পাশাপাশি নৃত্যশিল্পী, নাটক পরিচালনা এবং গল্প লেখার অভিজ্ঞতাও আছে তার। এক যুগ আগে ‘একটি ডায়েরি’ নামের নাটকের গল্প লিখেছিলেন সাবা। এটি পরিচালনা করেছিলেন আবুল হায়াত। সমপ্রতি প্রচারিত একটি ওয়েব সিরিজের গল্পও লিখেছেন তিনি। নাম ‘টুইন রিটার্নস’। পরিচালনা করেছেন অলক হাসান। অভিনেত্রী সোহানা সাবার লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বিনজেতে। সোহানা সাবা বলেন, ‘টুইন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। সেটাও আবার ওয়েব সিরিজে। ‘প্রেমা’ আর ‘দিমা’ নামে দুই যমজ বোনের চরিত্রে কাজ করেছি। ২০১৩ সালে স্ক্রিপ্টটা লিখেছিলাম। বাংলাদেশের স্বনামধন্য সব পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এজন্য ফ্রেম টু ফ্রেম লিখতেও সুবিধা হয়েছে আমার। তবে পরিচালনার কাজটা আমি নিতে চাইনি। অভিনয়টা শুধু এখানে মন দিয়ে করতে চেয়েছি, তাই করার চেষ্টা করেছি। এই সিরিজের ‘উল্টা’ শিরোনামের গানটারও বেশ প্রশংসা করেছেন সকলে।’

অভিনয়, লেখালিখির পর পরিচালক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবার সাবা। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছরই পরিচালনা করতে যাচ্ছি। বলতে গেলে রীতিমত পড়াশোনা করছি এটা নিয়ে। মানুষের সঙ্গে এটা নিয়ে কথা বলছি প্রচুর। চলতি বছরই পরিচালনাটা শুরু করার ইচ্ছে রয়েছে।’ এরমধ্যে অনুদানের ছবিতে কাজ করার প্রস্তাব এসেছিল সাবার কাছে। তবে তিনি না করেছেন। সাবা বলেন, ‘যে ছবির প্রস্তাবটা এসেছিল সেটার গল্প পড়ে মনে হয়নি যে, এই চরিত্রে যে আমাকেই লাগবে। আমার কাজের সংখ্যা কম। তবে ক্যারিয়ারে বেশ ভালো কাজ হয়েছে। তবে একটা ছাড়া। ওটা দুর্ঘটনা ছিল। ওটার নাম মুখেও নিতে চাই না এখন। তাই এমন দুঘর্টনা আমার ক্যারিয়ারে যোগ করতে চাই না। এদিকে সোহানা সাবার  প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’ থেকে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘জয়িতা’। সেটা নিয়েও সামনে ব্যস্ততা বাড়বে সাবার। এ প্রসঙ্গে সাবা বলেন, ‘এ ছবির মূল গল্প, নাম ভাবনা পরিচালক শামীম আহমেদ রনী এবং আমার। পরিচালনা আরেকজন করবেন। গল্প ও চরিত্র সম্পর্কে এখনই জানাতে চাইছি না। এখানেও এক দুঃখিনী নারীর গল্প দর্শকরা দেখতে পাবেন। সেই নারীর চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি। ওয়েব প্লাটফর্ম বিনজের জন্য করতে যাচ্ছি সিনেমাটি।’ এছাড়া চলতি মাসে কলকাতায় আরেকটি ছবির সাইন করতে যাচ্ছেন সাবা। সে বিষয়ে এখন না—সাইন করার পরই বিস্তারিত জানাতে চান সাবা। জীবনটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন সাবা। বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তাকে অনুপ্রাণিত করেছেন সব সময়। সংসার জীবনে বিরতির পর একমাত্র সন্তান স্বরবর্ণকে নিয়ে দীর্ঘসময় হলো একাই থাকছেন এই অভিনেত্রী।

সাবার কাছে প্রশ্ন ছিল—আপনি কি প্রেম করছেন? হাসতে হাসতে উত্তরে সাবা বলেন, ‘না। আমি প্রেম ছাড়াই বেঁচে আছি। তবে আমি খুব প্রেমে পড়তে ভালোবাসি, প্রেম করতে ভালোবাসি। তবে জীবনসঙ্গী হিসেবে কারো কথা আর ভাবছি না। মাঝে মাঝে তো ভাবি—জীবনসঙ্গী করার মতো এরকম সঠিক মানুষ আসলেই কি আছে কেউ?’