রে জা উ ল ক রি ম খো ক ন
তারকাদের ক্যারিয়ারে সময় একরকম যায় না। কখনও থাকে বেশ জমজমাট, নানা চমকপ্রদ ঘটনায় পরিপূর্ণ। আবার কখনও মন্দা ও নানা সমস্যা সংকটে বিপর্যস্ত। ২০১৯ সালটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের জন্য নানাভাবে উল্লেখযোগ্য। বেশ ভালোই কেটেছে বছরটি তার। ঐ এক বছরে তার অভিনীত অনেকগুলো সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ২টি সিনেমায় তার স্রেফ আইটেম গার্ল হিসেবে চটুল নাচ গানে পারফর্ম করতে দেখা গেলেও ‘লুকাচুপি’, ‘অর্জুন পাতিয়ালা’, ‘হাউজফুল ফোর’, ‘পানিপথ’ ছবিগুলোতে কৃতি শ্যানন ছিলেন অন্যতম প্রধান তারকা। একই বছরে নায়িকা হিসেবে তার চার চারটি সিনেমা মুক্তি পাওয়াটি ছিল বলিউডের একটি উল্লেখযোগ্য ঘটনা। ৩০ বছর বয়সী সুন্দরী ও আকর্ষণীয় এই অভিনেত্রী বলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকে অভিনীত প্রতিটি ছবিতেই দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন। চেহারায়, চোখে মুখে, অভিনয়ে, পর্দা উপস্থিতিতে নাচে গানে এক ধরনের দীপ্তিময় চমক লক্ষ্য করা গেছে তার অভিনীত ছবিগুলোতে। এই সময়ের আলোচিত হূদয়ে ঝড় তোলা নতুন প্রজন্মের উজ্জ্বল তারকা অভিনেত্রীর কাতারে এর মধ্যেই ঠাঁই করে নিয়েছেন কৃতি। বলিউডে ক্যারিয়ার শুরুর পর গত বছরটি তার মোটেও ভালো যায়নি। ২০২০ সালটি কৃতির জন্য নস্ফিলা একটি বছর। গত বছরে তাকে শুধুমাত্র একটি ছবি ‘আংরেজি মিডিয়াম’-এ অল্প সময়ের জন্য অতিথি শিল্পী হিসেবে একটি গানে পারফর্ম করতে দেখা গেছে। এছাড়া তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। করোনা মহামারির ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালটি বলিউডের কোনো তারকার জন্যই ভালো যায়নি। অনেক নামি-দামি তারকা অভিনেতা-অভিনেত্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি। ২০১৪ সালে রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘হিরোপান্তি’র মাধ্যমে বলিউডে কৃতি শ্যাননের অভিষেক। প্রথম অভিনীত হিন্দি ছবিতেই বলিউডে বাজিমাত করেছিলেন সুন্দরী এই তরুণী। যদিও এর আগেই দক্ষিণী তেলেগু সিনেমায় তার অভিষেক হয়েছিল। বলিউডে প্রথম অভিনীত ছবির মাধ্যমে সবার নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিন্তিভার পারফর্মেন্সে সম্ভাবনার চমক ছিল। ‘হিরোপান্তি’ ছবিতে অভিনয়ের জন্য বছরের সেরা নতুন মুখের নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে যান কৃতি। তখনই তিনি সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, বলিউডে বেশ ভালোভাবেই থাকতেই এসেছেন। এরপর ‘রাবতা’, ‘দিলওয়ালে’, ‘বেরিলি কি বরফি’, ‘স্ত্রী’ ছবিগুলোতে নিজেকে চমত্কারভাবে তুলে ধরেছেন। এর মধ্যে ‘স্ত্রী’ ছবিতে আইটেম গানে পারফর্ম করলেও বাকিগুলোতে ছিলেন রোমান্টিক নায়িকা। কৃতি বলিউডে ক্যারিয়ার শুরু পর বিভিন্ন ছবিতে নিজের বিপরীতে নায়ক হিসেবে পেয়েছেন নামি-দামি অভিনেতাদের। এটাও তার ক্যারিয়ারে এক ধরনের গ্রহণযোগ্যতা দিয়েছে। অভিনীত ছবিগুলোর মধ্যে অধিকাংশই বক্স অফিসে ভালো ফলাফল করায় নায়িকা হিসেবেও তার শক্ত ভিত গড়ে উঠেছে। গত বছরটি ভালো না গেলেও কৃতি শ্যানন নতুন বছরে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই কৃতি অভিনীত ‘মিমি’ এবং ‘বচ্চন পান্ডে’ ছবির কাজ শেষ হয়েছে। ‘মিমি’ ছবিতে একজন সারোগেট মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছবিতে দারুণ চ্যালেঞ্জিং ভিন্ন ট্র্যাকের রোলে অসাধারণ অভিনয় করেছেন বলে ছবিটির সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন। ‘বচ্চন পান্ডে’ ছবিতে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে কৃতিকে নায়িকারূপে দেখা যাবে। এছাড়াও নাম ঠিক না হওয়া আরেকটি নতুন ছবিতে আলোচিত জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি এখন। কৃতি শ্যানন অভিনীত নতুন ছবিগুলো এ বছরে বিভিন্ন সময়ে মুক্তি পাবে। অভিনীত ছবিগুলোর সাফল্য তার ক্যারিয়ারে যে আবারও প্রাণচাঞ্চল্য এনে দেবে—তাতে কোনো সন্দেহ নেই।