অ্যামাজন প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এর বদলে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি। বেজোসের উত্তরসূরি হবেন অ্যান্ডি জেসি, বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।
অ্যামাজনের বরাত দিয়ে প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই পরিবর্তন সম্পন্ন হবে। অ্যামাজন প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী বেজোস জানিয়েছেন, এর ফলে নিজের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার ‘সময় ও শক্তি’ পাবেন তিনি।
‘নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকব এবং ডে ১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের কাজের জন্য সময় ও শক্তি পাব।’ মঙ্গলবার অ্যামাজন কর্মীদের উদ্দেশে এক চিঠিতে লিখেছেন তিনি।