সংবাদ সংক্ষেপ

কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম নিয়ে মতবিনিময়

নড়াইল প্রতিনিধি নড়াইলে কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কোভিড-১৯ নড়াইল জেলা কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা প্রমুখ।

তিতাসে ডায়াবেটিক সমিতির সাব-এফিলিয়েশন অনুমোদন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে ডায়াবেটিক সমিতির আওতায় হাসপাতাল স্থাপনে সাব-এফিলিয়েশন অনুমোদন প্রদান করা হয়েছে। বুধবার সকালে বারডেম জেনারেল হাসপাতালে সমিতির প্রধান কার্যালয়ে সমিতির এফিলিয়েটেড অ্যাসোসিয়েশন এফেয়ার্সের পরিচালক আহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের হাতে এ অনুমোদনপত্র তুলে দেন। এ সময় তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা উপজেলার ৩৫ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান এই সেলাই মেশিন বিতরণ করেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রমুখ।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সদর পূর্ব বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা প্রমুখ।

পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

ডোমার (নীলফামারী) সংবাদদাতা চাকরি স্থায়ীকরণের দাবিতে ডোমার উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) শতাধিক কর্মচারী অবস্থান ধর্মঘট  করেছে। বুধবার দুপুরে ডোমার নেসকো কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘটের আয়োজন করে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনের উপজেলা সভাপতি উত্তম কুমার দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পিচরেট ঐক্য পরিষদের সভাপতি এস এম ফারুক হোসাইন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।

নির্বাচনি সহিংসতার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী পৌর নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর এলাকার দড়ি চরিয়াকোনা কদমতলী এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাকির হোসেন, মোক্তার উদ্দিন, এম ডি লিটন, ববিতা প্রমুখ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দুলাল মিয়া জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

 

০