তিন কার্যদিবস পর বাড়ল সূচক দরপতনে বেশির ভাগ প্রতিষ্ঠান

ইত্তেফাক রিপোর্ট

টানা তিন কার্যদিবস পতনের পর গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি মূল্যসূচকও কমেছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৮০টির। আর ১০৭টির দাম অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭০২ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। কোম্পানিটির ৯২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৭২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৯ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করছে।