সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ

আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে বাদীর আবেদন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার আশংকা থেকে মামলার বাদী উচ্চ আদালতে এ আবেদন করেন।

ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। এতে বলা হয়েছে, সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেওয়া হয়। 

বুধবার বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার আবেদনটি শুনানির দিন ধার্যের জন্য আবেদনটি উপস্থাপন করা হতে পারে।   

এ প্রসঙ্গে আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন ইত্তেফাককে বলেন, বাদী ন্যায় বিচার না পাওয়ার আশংকা থেকে এই আদালত পরিবর্তনের আবেদন করেছেন। 

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ঐ রাতেই ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহ পরান থানায় মামলা করেন। 

গত ৩ ডিসেম্বর সাইফুরসহ ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী অভিযোগপত্র আমলে নিয়েছেন। অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় মামলাটির আদালত পরিবর্তনের জন্য আবেদন করা হলো। 

ইত্তেফাক/জেডএইচ