সাকিবের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। রঙিন জার্সির পর এবার টেস্ট ক্রিকেটেও প্রত্যাবর্তন হয়েছে এ বাঁহাতি অলরাউন্ডারের। গতকাল উইন্ডিজদের বিরুদ্ধে খেলতে ক্যারিয়ারের ৫৭তম টেস্ট খেলতে নেমেও ব্যাটিংয়ে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে ধরা দিয়েছেন তিনি।

গতকাল চট্টগ্রামে প্রথম দিন শেষে ৩৯ রানে অপরাজিত আছেন সাকিব। বল খেলেছেন ৯২টি, চার মেরেছে চারটি। এ ইনিংস খেলার পথে উইন্ডিজদের বিরুদ্ধে টেস্ট লড়াইয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তিনি। ১১ ম্যাচে তার সংগ্রহ এখন ৭৮৪ রান। টপকে গেছেন তামিমের ৭৫৯ রানকে। সাদা পোশাকে দুই দেশের লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক শিবনারায়ণ চন্দরপল। সাবেক এ ক্যারিবিয়ান ৮৯৭ রান করেছেন ১০ ম্যাচ খেলে।

গতকাল ছয়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েছেন। মুশফিকের বিদায়ের পর দিনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি সাকিব-লিটন। ৪৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তিনি। আজ প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরটা বড় আকারে রূপ দিতে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাকিবকে। কার্যত তার ব্যাটের পানেই তাকিয়ে আছে বাংলাদেশ।

গতকাল দিন শেষে সাদমানও সেই আশাবাদ ব্যক্ত করেছেন, ‘সাকিব ভাই ও লিটন খুব ভালো ব্যাটিং করছেন, বুঝে উঠতে পেরেছেন কীভাবে ব্যাটিং করতে হয়।’

ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি থেকে ১১ রান দূরে আছেন সাকিব। আজ এ বাঁহাতি ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পেলে বাংলাদেশের স্কোরও বড় হবে। ম্যাচের নিয়ন্ত্রণ পেতে প্রথম ইনিংসেই বাংলাদেশের বড় সংগ্রহ দরকার। ব্যাটসম্যান সাকিব টিকে থাকলে সেটি খুব সম্ভব। সাগরিকায় আজ প্রতিপক্ষের ওপর রানের বোঝা চাপাতে তার অভিজ্ঞতা হতে পারে মোক্ষম অস্ত্র। 

চট্টগ্রামের উইকেট বলছে ম্যাচের বয়স যত বাড়বে উইকেটে স্পিন বাড়বে। সেক্ষেত্রে বল হাতেও সাকিবের ঘূর্ণি ভেল্কি দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

স্কোরকার্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্ট, প্রথম দিন

ভেন্যু : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

টস : বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ইনিংস                       রান     বল      ৪      ৬

সাদমান এলবিডব্লিউ ব ওয়ারিকান        ৫৯      ১৫৪    ৬      ০

তামিম ব রোচ                                   ৯        ১৫      ২      ০

নাজমুল রান আউট (রোচ)                   ২৫      ৫৮      ৩      ০

মুমিনুল ক ক্যাম্পবেল ব ওয়ারিকান       ২৬      ৯৭      ২      ০

মুশফিক ক কর্নওয়াল ব ওয়ারিকান       ৩৮      ৬৯      ৬      ০

সাকিব অপরাজিত                             ৩৯      ৯২       ৪      ০

লিটন অপরাজিত                               ৩৪      ৫৮      ৬      ০

অতিরিক্ত (বাই ২, লেগ বাই ২, নো ৩, ওয়াইড ৫)         ১২

মোট (৯০ ওভার; ৫ উইকেট)               ২৪২

উইকেট পতন : ১-২৩ (তামিম), ২-৬৬ (নাজমুল), ৩-১১৯ (মুমিনুল), ৪-১৩৪ (সাদমান), ৫-১৯৩ (মুশফিক)

বোলিং : রোচ ১৬-৫-৪৪-১, গ্যাব্রিয়েল ১৭-৩-৫১-০, কর্নওয়াল ২২-১-৫৬-০, মায়ার্স ৭-২-১৬-০, ওয়ারিকান ২৪-৫-৫৮-৩, ব্রেথওয়েট ৪-০-১৩-০।