অঘটনগুলো ভোলার মতো নয়

প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে পঞ্চম রাউন্ড শেষ হয়ে আজ ষষ্ঠ রাউন্ড শুরু হতে যাচ্ছে। এবার একাধিক অঘটন ঘটেছে। মন খারাপ হওয়ার মতো ঘটনাই ঘটে গেছে ফুটবল মাঠে। বিশেষ করে শেষ হওয়া পঞ্চম রাউন্ডে তিনটি ঘটনা ঘটেছে। অসাধারণ ফুটবল খেলেও মন খারাপ করে মাঠ ছাড়তে হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে চট্টগ্রাম আবাহনী ম্যাচ জেতার সুযোগ পেয়েও পারেনি। ১-১ গোলে ড্র হওয়ার পর শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি হতে গোল করতে পারেননি ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নিক্সন। চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে পিছিয়ে ছিল। পেনাল্টি পেয়ে চট্টগ্রাম আবাহনীর নিক্সন গোল করে দলকে সমতার পথে তুলেছেন। গোল মিস করেননি বলে তাদের নিয়ে সতীর্থ ফুটবলারদের আদরটাও কম ছিল না। এই ম্যাচেই চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় পেনাল্টি পেলে নিশ্চিত জয়ের সুযোগ আসে। নিক্সন পেনাল্টি হতে গোল করতে পারেননি। যিনি ছিলেন নায়ক একই ম্যাচে তিনি হয়ে গেলেন খলনায়ক। অথচ এই নিক্সন গোল করে সাইফের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন। শেখ জামালের বিপক্ষে হারের ব্যবধান কমিয়েছিলেন গোল করে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারের লজ্জা হতে আবাহনী বাঁচলেও পর পর দুই ম্যাচে আবাহনী হারায় চার পয়েন্ট। এই ম্যাচের আগেই কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বেঁচে যায় আবাহনী।

শেখ রাসেল এই মুক্তিযোদ্ধার ম্যাচ শেষে চোখে পানি ফেলতে ফেলতে বাড়ি গিয়েছিল। ম্যাচটা গোলশূন্য চলছিল। মুক্তিযোদ্ধা এক পয়েন্ট পাবে সেটা নিশ্চিত প্রায়। ম্যাচের শেষ বাঁশির আগে আত্মঘাতী গোল হজম করে মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার শোয়েব মিয়ার একটা ভুলে সর্বনাশ হয় মুক্তিযোদ্ধার। হাতের মুঠোয় থাকা এক পয়েন্ট হারিয়ে যায়। শেখ রাসেল তিন পয়েন্ট নিয়ে হাসতে হাসতে মাঠ ছাড়ে। সাইফ স্পোর্টিং ২-০ গোলে এগিয়ে ছিল শেখ জামালের বিপক্ষে। ৭৫ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে ম্যাচ হারতে পারে, এটা যারা দেখেছেন তারাও বিশ্বাস করতে পারছিলেন না। খেলার শেষ ১৫ মিনিটে তাণ্ডব চালিয়ে শেখ জামাল তিন গোল করে ম্যাচ জিতেছে। যারা সাইফের দুই গোল দেখে বেরিয়ে গিয়েছিলেন তারা পরে ম্যাচের স্কোর লাইন দেখে হতভম্ব। আগামীকাল বিকাল ৩টায় টঙ্গীতে মোহামেডান ও উত্তর বারিধারা ম্যাচ।

আজকের খেলা ঃ

পুলিশ এফসি ও রহমতগঞ্জ। ৪টা বঙ্গবন্ধু স্টেডিয়াম।     

প্রিমিয়ার ফুটবল লিগের

পয়েন্ট তালিকা

দল                      খে   জ   ড্র    হার গোল   প

বসুন্ধরা কিংস         ৫    ৫   ০    ০   ১২/২   ১৫

শেখ রাসেল           ৫    ৪   ১    ০   ৬/২     ১৩

শেখ জামাল           ৪     ৪   ০    ০   ১৩/৪   ১২

আবাহনী                ৫    ৩   ২    ০   ৭/৩     ১১

সাইফ স্পোর্টিং       ৫    ২   ১    ২    ৭/৭     ৭

চট্টগ্রাম আবাহনী      ৫    ২   ১    ২    ৪/৪     ৭

পুলিশ এফসি         ৪     ২   ০    ২    ৫/৪     ৬

মোহামেডান           ৫    ১   ২    ২    ৮/৯     ৫

রহমতগঞ্জ              ৫    ১   ১    ৩   ৪/৭     ৪

মুক্তিযোদ্ধা             ৪     ১   ০    ৩   ৩/৫     ৩

উত্তর বারিধারা       ৩    ০   ১    ৩   ৩/৯     ১

ব্রাদার্স ইউনিয়ন      ৫    ০   ১    ৪    ৫/১১   ১

আরামবাগ             ৪     ০   ০    ৪    ০/১১   ০