আরামবাগে ব্রাজিলিয়ান কোচ

ভারতীয় দুই কোচকে বিদায় করে এখন ব্রাজিল থেকে কোচ আনছে আরামবাগ ক্রীড়া সংঘ। ডগলাস সিলভা নামের এই কোচ আগামীকাল ঢাকায় এসে পৌঁছাবেন, এ কথা জানিয়েছেন আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য। তিনি বিদায় নেওয়ার পর ভারতীয় সহকারী কোচ চন্দন বলবীর ছিলেন; কিন্তু অসদারচণের কারণে তাকেও বিদায় দিয়েছে ক্লাব। মুন্সীগঞ্জে খেলতে গিয়ে সহকারী এই কোচ রেফারির সঙ্গে খারাপ আচরণ করে লালকার্ড পান। ক্লাবে এসেও তিনি রাগারাগি করে অন্যদের উত্তেজিত করেন—জানিয়েছেন ইয়াকুব আলী। তিনি বলেন, ‘খুব খারাপ ব্যবহার করেছেন, একারণে বাদ দিতে হয়েছে। এখন ব্রাজিলিয়ান কোচ আসবে। টিকিট পাঠিয়েছি। আগামীকাল চলে আসবে ঢাকায়।’ প্রিমিয়ার লিগে চার খেলায় আরামবাগ পয়েন্টের মুখ দেখেনি। চার ম্যাচেই হেরেছে।