স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আলজাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়-যন্ত্রের অংশ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আইএসপিআর ঐ প্রতিবেদনের জবাব দিয়েছেন। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এ প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না, এটি হলুদ সাংবাদিকতা।’ গতকাল বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজা কনকর্ডে নৌপুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আলজাজিরার প্রতিবেদন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, যারা এটা করেছে তাদের একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি, এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
ভেজাল মদ খেয়ে বিভিন্ন স্থানে মানুষের মৃত্যুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী যারা এগুলো করে, তারা অনেক সময় ভেজাল মিশ্রিত করে। বিগত দিনগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন অনেক সময় এ ধরনের ঘটনা ঘটেছে। ডিবি পুলিশ তাদের শনাক্ত করেছে। কোথায় কীভাবে ভেজাল হচ্ছে, তাদের ধরে ফেলেছে।
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার কী করছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারে আগেও সামরিক শাসন ছিল। পরে সরকার বদলালেও সামরিক নিয়ন্ত্রণ একটা ছিল। সেই শাসকদের কতখানি ক্ষমতা ছিল সেটা আমাদের বোধগম্য ছিল না। তিনি আরো বলেন, সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে কড়া পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছেন। নতুন করে কেউ যেন ঢুকতে না পারেন, সে বিষয়ে আমাদের নজরদারি আছে।