সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন তার আইনজীবীরা। তাদের দাবি, মেয়াদ শেষ হওয়া এক জন প্রেসিডেন্টকে অভিশংসন করা যায় না এবং এর কোনো দৃষ্টান্তও নেই। এদিকে ডেমোক্র্যাটরা বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে কোনো প্রেসিডেন্ট অপরাধ করতে পারেন না এবং তিনি এই অপরাধ থেকে দায়মুক্তিও পেতে পারেন না। খবর ভয়েস অব আমেরিকার
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যুক্তি-তর্ক উপস্থাপন করতে গিয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্পের আইনজীবীরা। ১৪ পৃষ্ঠার বিবরণীতে ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও দাবি করেছে আইনজীবীদের ঐ দলটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের আইনজীবীরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের মক্কেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না সিনেট। এমনকি তাকে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানো থেকে বিরত রাখার এখতিয়ার সিনেটের নেই বলেও দাবি করেন তারা। আইনজীবীরা গত সপ্তাহে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির প্রসঙ্গ টেনে বলেন, ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু না করতে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫০ রিপাবলিকান সদস্যের ৪৫ জনই পক্ষে ভোট দিয়েছেন। উচ্চ কক্ষে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ১৭ জন রিপাবলিকানেরও সমর্থন প্রয়োজন।
মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ইমপিচমেন্ট ম্যানেজার দল ৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়েছে, নিজেকে পুনর্নির্বাচিত করার ব্যাপারে যদি কোনো প্রেসিডেন্ট দুর্নীতির আশ্রয় নেন এবং পার্লামেন্টের যৌথ অধিবেশনে হামলার মতো উসকানি দেন তাহলে সেটি শুধু ইমপিচমেন্টের মতো কোনো অপরাধ নয় বরং এটি যে কত বড় ধরনের অপরাধ তা কল্পনা করাও মুশকিল।