আড়াইহাজারে ভাবি ও সিংড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে অভিনয় শিল্পীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি জানান, মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায়  এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—কাশিমপুর সারদাগঞ্জ এলাকার আজিজুল খানের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া, মোতালেব তালুকদারের ছেলে রাসেল তালুকদার, কোরান সরদারের ছেলে জহির উদ্দিন ও বকুল মিয়ার ছেলে সাহাবুল ওরফে আইজুল। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নাঈম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে ধর্ষিতার স্বামী বাদী হয়ে এ অভিযোগে থানায় মামলাটি করেন। গত ১ ফেব্রুয়ারি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, উপজেলার হাঁসপুকুরিয়া গ্রামের আকরাম (২৮) কয়েক মাস ধরে মেয়েটিকে কুপ্রস্তাব দিচ্ছিল। গত শুক্রবার বিকেলে বাড়ির কাছে ঐ ছাত্রীকে একা পেয়ে এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে আকরাম তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, উপজেলার পল্লিতে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বন্ধুত্বের সুযোগ নিয়ে এক পল্লিচিকিত্সকসহ দুই জন তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার ১৭ দিন অতিবাহিত হওয়ার পর বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। গত ১৬ জানুয়ারি উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে লাপাত্তা পল্লিচিকিত্সকসহ ঐ যুবক।