হাত-পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও

ঢাকার কেরানীগঞ্জে জোছনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বুধবার ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। স্বামীর নাম সুমন মোল্লা (৩০)। সুমন বরগুনা জেলার নলছিটি থানার রায়পুরার জহুর আলীর ছেলে। ঘটনার পরপরই তিনি তার দুই মেয়েকে নিয়ে পলাতক রয়েছেন।

প্রায় ১০ বছর আগে ভোলার লেতরা বাজারের জাফর হাওলাদারের কন্যা জোছনার সঙ্গে সুমনের বিয়ে হয়। তাদের এই ঘরে সামিয়া ও লামিয়া নামের দুটো মেয়ে রয়েছে। অভাবের সংসারে সুমনের রাজমিস্ত্রির কাজে সংসার চলত না, তার ওপর তিনি ছিলেন মাদকাসক্ত। তাই জোছনা বেগম জননী প্রিন্টিংয়ে কাজ করতেন। মাদকাসক্ত থাকায় প্রায়ই সুমনের সঙ্গে জোছনার ঝগড়াঝাঁটি লেগে থাকত। ঝগড়াঝাঁটির একপর্যায়ে গতকাল ভোরে স্ত্রীকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছেন—এমনটাই দাবি করেছেন নিহতের বোন হোসনে আরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।