যুক্তরাজ্যফেরতদের নির্ধারিত সাত হোটেলে কোয়ারেন্টাইন

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারনির্ধারিত হোটেলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে যুক্তরাজ্যফেরতদের। হোটেলে নিজ খরচে থাকতে হবে। কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। সরকারনির্ধারিত হোটেলগুলো হলো :বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জের বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস ২১, উত্তরার হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল ও মেমেন্টো হোটেল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামতে, সাত দিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল এলে ১৪ দিন কোয়ারেন্টাইনের বাকি দিনগুলো বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টাইন থেকে সরকারনির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিত্সা ব্যয় যাত্রীকে বহন করতে হবে। এর আগে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হতো।