মেয়ে সহপাঠীকে পছন্দ, অতঃপর স্কুল থেকে বহিষ্কার ৮ বছরের ছাত্রী

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ২০১৪ সালের ৬ অক্টোবর থেকে সমলিঙ্গের বিয়েতে আইনি বৈধটা দেওয়া হয়েছে। কিন্তু সেখানকার শহর ওবাসোতেই এক নিন্দনীয় ঘটনা ঘটল। ক্লাসের এক মেয়ে বন্ধুকে পছন্দ করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কৃত হতে হল আট আট বছরের এক শিশু ছাত্রীকে।

সিএনএনের বরাতে জানা যায়, ওই ছাত্রী ওবাসোর রিজয়েস ক্রিশ্চিয়ান স্কুলে পড়তো। স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র ওই ছাত্রীকে নয়, তার ভাইকেও বের করে দিয়েছে। ঘটনার পরপরই ক্লো নামের সেই ছাত্রীর মা ডেলেনি সেলটনকেও ডেকে পাঠানো হয়। 

বহিষ্কারের ঘটনার পর এক সাক্ষাৎকারে ডেলেনি জানান, খেলার মাঠে এক মেয়ে বন্ধুকে নিজের পছন্দের কথা জানায় তার মেয়ে ক্লো। দ্রুত তাকে খেলার মাঠ থেকে বের করে দেওয়া হয়। এরপর তার মেয়েকে স্কুলের প্রিন্সিপাল অফিসে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, তার মেয়ের সঙ্গে রীতিমতো জেরা শুরু হয় প্রিন্সিপাল অফিসে। একসময়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল বলে ওঠেন, এটা না কি অন্যায়। কারণ মেয়েদের সঙ্গে একমাত্র পুরুষেরই সম্পর্ক হতে পারে। পুরুষের থেকেই মেয়েদের সন্তান হতে পারে। এর বাইরে অন্য কিছু নিয়ম বিরুদ্ধ।

ডেলেনি সেলটনকেও এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়। স্কুলের ভাইস প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করেন, মেয়ে হয়ে অন্য এক মেয়েকে পছন্দ করার বিষয়টিকে তিনি কীভাবে দেখেন? বেশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের সঙ্গে তর্ক-বিতর্ক চলতে থাকে। শেষ পর্যন্ত সেলটন পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিজয়েস ক্রিশ্চিয়ান স্কুল। ওই ছাত্রী ও তার ভাইকে স্কুল থেকে করা হয় বহিষ্কার। তবে সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন ডেলেনি। স্কুল সুপারিনটেনডেন্ট জোয়েল পেপিনের কাছেও আবেদন জানান তিনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া মেলেনি।

এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। তবে ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। স্কুলের অনেক সাবেক ছাত্র-ছাত্রীরাও তাদের নানা তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছে।

ইত্তেফাক/টিআর