খেলার মাঠে কোরবানির পশুর হাট বসবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেয়র বলেন, দক্ষিণ সিটির খেলার মাঠগুলো সব সময় খেলার উপযোগী করে রাখা হবে। সারা বছর সেখানে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হবে। মাঠে শিশুরা খেলাধুলা করবে। খেলার মাঠে আর কোরবানির পশুর হাট বসবে না। অন্য কোনো অনুষ্ঠানও হবে না।
বয়স্করা যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারেন, এ জন্যও কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
ইত্তেফাক/জেডএইচ