হত্যা মামলায় অভিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল মোমেন ফেরদৌস।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ জুলাই শুক্রবার জুম্মাহ নামাজ শেষ হলে চাঙ্গিনী এলাকার বাড়ির পাশের মসজিদ থেকে আক্তার হোসেনকে (৫৫) টানা-হেচড়া করে বের করার পর শত শত মানুষের সামনে কাউন্সিলর আলমগীর হোসেন ও ভাইয়েরা আক্তার হোসেনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছিল।
এ ঘটনায় আক্তার হোসেনের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় কাউন্সিলর আলমগীর হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়।
কাউন্সিলর আলমগীর কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২৪ জুলাই তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
ইত্তেফাক/এনএ