বাংলাদেশ নিয়ে আল-জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ১৫ বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিদাতারা হলেন- শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, আবেদ খান, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, অ্যারোমা দত্ত, ম. হামিদ, বুলবুল মহলানবিশ ও হাসান আরিফ।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে। অতীতেও এই টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার এবং হেফাজতের শাপলা চত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছে। এই চ্যানেলটি আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষপূর্ণ সংবাদ প্রচার করে চলেছে। সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী একটি অপশক্তি।’
‘আমরা আলজাজিরা টেলিভিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবেলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি।’
ইত্তেফাক/কেএইচ/জেডএইচ