হাতিয়া উপজেলার কেরিংচরসংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোরে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার ছিল বলে নিশ্চিত করেছেন নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া সূর্যমুখী ঘাটগামী আল্লারদান নামীয় একটি ট্রলারে মালগুলো আনার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে কেরিংচরসংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় জেলে নৌকায় ঐ ট্রলারের কবির মাঝিসহ অন্যদেরকে উদ্ধার করা হয়। হাতিয়ার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য মালামালগুলো সোনাপুরের তাজু কমিশনার ট্রলারে দিয়েছেন বলে হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান।