অবশেষে এক বছর দুই মাস পর কেন্দ্র থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৭৫ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে চারটি সদস্য পদ ‘সম্ভাব্য বিদ্রোহ নিরসনের’ জন্য শূন্য রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লাকে সভাপতি, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে সাধারণ সম্পাদক এবং যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের নাম ঘোষণা করা হয়। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দফা জেলার পূর্ণাঙ্গ কমিটি সংশোধন করা হলেও কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়নি। এদিকে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির পাশাপাশি এক সদস্যের জাতীয় কমিটি এবং ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারও একমাত্র জাতীয় কমিটির সদস্য হয়েছেন আতাউর রহমান খান।