ভ্যাট ফাঁকির অভিযোগ অনলাইন কুরিয়ার পেপারফ্লাইয়ের বিরুদ্ধে

ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির অভিযোগ উঠেছে অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের বিরুদ্ধে। গত বুধবার ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বাণিজ্যিক দলিলপত্র জব্দ করেছে। এতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভ্যাট গোয়েন্দাদের একটি দল বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায়। নথিপত্র পরীক্ষায় দেখা যায়, প্রতিষ্ঠানটি গত নভেম্বর ও ডিসেম্বর মাসে পণ্য ডেলিভারির ৬ কোটি ৭৭ লাখ টাকার ওপর প্রযোজ্য প্রায় ৮৭ লাখ টাকার ভ্যাট জমা দেয়নি। পেপারফ্লাই অনলাইন শপিং প্ল্যাটফরম দারাজসহ অন্যান্য মাধ্যম থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে। এর ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। প্রতি মাসের সংগৃহীত ভ্যাট-পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার বিধান  থাকলেও প্রতিষ্ঠান তা লঙ্ঘন করেছে। ভ্যাট গোয়েন্দা অফিস সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।