তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসা নিয়ে অনেক কথা হয়েছে। ভ্যাকসিন আসবে না—এই অপপ্রচার মিথ্যা প্রমাণ করে সময়মতো ভ্যাকসিন এসেছে, সব জেলা ও উপজেলায় তা পৌঁছে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দেশি সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিকের সঙ্গে শুভেচ্ছা বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ সময় করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক দলনেতা কাকন নাগ ও নাজনীন সুলতানাকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনির উদ্দীন, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, ট্রেজারার ফখরুল আহসান, নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সিইউ এক্স স্টুডেন্টস ক্লাবের প্রেসিডেন্ট আমিন হেলালী, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারপার্সন প্রীতি চক্রবর্তী, বৈজ্ঞানিক সহকারী শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মাকসুদ, রিপন নাগ, কাকন নাগ-নাজনীন সুলতানা বৈজ্ঞানিক দম্পতির কন্যা শান্তি নাগ এ সময় উপস্থিত ছিলেন।