উত্তরায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। নিহতের পরনে ছিল সালোয়ার কামিজ ও কালো রঙের বোরকা। গতকাল বৃহস্পতিবার উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ঐ নারী। এ সময় উভয় লাইন দিয়ে ট্রেন এলে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন । খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।