আলজাজিরার প্রতিবেদন

সরকারের কাছে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি বিএনপির

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘গত ১ ফেব্রুয়ারি আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের জনগণকে বিব্রত ও উত্কণ্ঠিত করেছে। জনগণের ঐ অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। এতে বলা হয়, জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উত্কণ্ঠাকে আরো ঘনীভূত করেছে। বিএনপির বিবৃতিতে বলা হয়, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ঐ প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।