কুমিল্লা গোমতী নদীর তীরে নগরীর শুভপুর এলাকায় ১০ একর জায়গা জুড়ে গড়ে উঠবে কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লি ও স্পোর্টস একাডেমি। বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ। এরপরই শেখ কামাল ক্রীড়া পল্লি মাঠে লাল দল এবং নীল দলের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি এমপি বাহার বলেন, কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ছাড়া বড় কোনো খেলার মাঠ নেই। ফলে ছেলেমেয়েরা অনুশীলন ও খেলাধুলার সুযোগ পায় না। নিয়মিত অনুশীলন করা ও প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় তৈরি করতে শেখ কামাল ক্রীড়া পল্লি ও স্পোর্টস একাডেমি করা হয়েছে। এখানে ফুটবল, ক্রিকেটসহ সবকটি ডিসিপ্লিনের জন্য মাঠ তৈরি করা হবে।