টঙ্গীতে মোহামেডান ও বঙ্গবন্ধুতে আবাহনীর ম্যাচ আজ

প্রিমিয়ার ফুটবল লিগে আজ টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মোহামেডানের অভিষেক হতে যাচ্ছে। মোহামেডানের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। খেলা শুরু হবে বিকাল ৩টায়। কুমিল্লায় শেষ ম্যাচ খেলেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের বিপক্ষে ৪-১ গোলের ক্ষত নিয়ে আজ ম্যাচ জয়ের জন্য মাঠে নামবে। পয়েন্ট টেবিলে পাঁচ খেলায় ৫ পয়েন্ট মোহামেডানের। চার খেলায় মাত্র ১ পয়েন্ট বারিধারার। এই মাঠে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ দেখতে প্রচুর দর্শক এসেছিল। আজ মোহামেডানের জন্য দর্শক ভিড় করবে—এমনটা প্রত্যাশা করছেন ফুটবল অনুরাগীরা।

টঙ্গীতে খেলা শুরু হওয়ার পরই ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংসের লড়াই। পাঁচ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা। একই মাঠে সন্ধ্যা ৬টায় আবাহনী খেলবে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে। মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ঢাকার দল আবাহনী পরপর দুই ম্যাচ ড্র করে ৪ পয়েন্ট নষ্ট করেছে।