মার্কিন মিশনারি ও শিক্ষাবিদ ফাদার জেএস পিশোতো (৮৭) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। নটর ডেম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ফাদার জেএস পিশোতো ২৩ বছর নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নটর ডেম ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন। জানা গেছে, ফাদার জেএস পিশোতো হূদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিত্সা নিয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন এবং স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।
ফাদার পিশোতোর মরদেহ গতকাল বিকেলে মতিঝিলের নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে এবং সন্ধ্যায় রমনা ক্যাথেড্রালে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে তার মরদেহ তেজগাঁও চার্চ প্রাঙ্গণে নেওয়া হবে। পরে গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।