আগামী ১৬ ফেব্রুয়ারি ব্লগার ও লেখক অভিজিত্ রায় হত্যা মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ করেন। এরপর বিচারক রায়ের এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান (জাকির) জানান, আজ (গতকাল) আমি আসামিপক্ষের যুক্তিতর্কের জবাব দিয়েছি। এই মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা কীভাবে হত্যা করেছে তার সব বর্ণনা জবানবন্দিতে আছে। অন্যান্য সাক্ষী ও আসামির জবানবন্দি—সব মিলিয়ে এই আসামিরা যে হত্যাকাণ্ডে জড়িত ছিল, তা আমরা আদালতে তুলে ধরেছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি।
আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, শুনানি শেষ হয়েছে। আসামিদের সাজা দেওয়ার মতো তেমন কোনো এভিডেন্স আসেনি। আমরা আসামিদের খালাস দাবি করেছি। বাকিটা আদালত বিবেচনা করবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিত্ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার আসামিরা হলেন-মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা, আরাফাত রহমান, শাফিউর রহমান ফারাবী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বহিষ্কৃত) জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।