আইন ও আর্থিক-শৃঙ্খলা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আয়কর পরিশোধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে। ২০১৩-১৪ অর্থবছরে ঐ অনিয়মের জন্য ১ কোটি ৭০ লাখ ৩ হাজার ৭৮১ টাকার অডিট আপত্তি দিয়েছে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এই অডিট আপত্তিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছয়টি আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মোট সাতটি অডিট আপত্তিতে জানানো হয়, এর সঙ্গে জড়িত অর্থের মোট পরিমাণ ৭ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ টাকা।
আয়কর পরিশোধ বাবদ সরকারি অর্থের ক্ষতি মেটাতে আগামী তিন মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে টাকা কেটে নেওয়ার সুপারিশ করেছে সংসদের হিসাব কমিটি।
কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়শা খান ও জাহিদুর রহমান অংশ নেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।