প্রবাস থেকে দেশে ফেরা ভাইকে গলাকেটে খুনের দায়ে মো. আজম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আজমের মা ফরিদা বেগম ও বোন কামরুন নাহারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন।
হত্যাকাণ্ডের শিকার আব্দুস সালাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আসামি আব্দুর রাজ্জাক বিচার চলাকালে মারা যাওয়ায় রায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়। আরেক আসামি আজম ঘটনার পর থেকেই পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর বিদেশ ফেরত আব্দুস সালামকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়িতে তার বাবা-মা, ভাই বোন মিলে গলা কেটে খুন করে। এ ঘটনায় সালামের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় আব্দুর রাজ্জাক, আজম, ফরিদা ও কামরুন নাহারকে আসামি করে মামলা করেন।
এই মামলাটি পুলিশ তদন্ত করে ২০১০ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ৭ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে।