স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের কিছু মানুষ ও একই সঙ্গে বিদেশে থাকা কিছু ষড়যন্ত্রকারী মিলে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে। কোনো কিছুতে না পেরে শেষমেষ দেশের মানুষের জন্য সবচেয়ে জরুরি করোনা ভ্যাকসিন নিয়ে তারা একদিকে দেশে থেকে ষড়যন্ত্র করছে এবং একই সঙ্গে বিদেশের মাটিতে বসেও বিদেশি টিভি চ্যানেল ব্যবহার করে মিথ্যা তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই শক্তিকে দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ দেওয়া হবে না।’ গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যা গুজবে মানুষ বিভ্রান্ত হচ্ছে না। কারণ ভ্যাকসিন গ্রহণে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্যানসারে বিশ্বে বর্তমানে প্রতি মিনিটে ১৭ জন মানুষ মৃত্যুবরণ করছে এবং ক্যানসার রোগটি ভয়ঙ্কর রূপ নিচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে জানান। তামাকজাত দ্রব্যের কারণে, খাদ্যে ভেজাল মেশানো ও শারীরিক ব্যায়াম না করার ফলে মানুষের দেহে ক্যানসার বৃদ্ধি পাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
দেশে বর্তমানে বছরে প্রায় দেড় লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগটি বৃদ্ধি পাওয়ায় দেশের বাইরে চিকিত্সা নিতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার দেশের আটটি বিভাগে বৃহত্ ক্যানসার হাসপাতাল নির্মাণকাজ হাতে নিয়েছে। এই কাজ সম্পন্ন হলে মানুষকে আর নিজ এলাকার বাইরে গিয়ে ঢাকা বা দেশের বাইরে গিয়ে ক্যানসার রোগের চিকিত্সা নিতে যেতে হবে না।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।