আজ জাতীয় গ্রন্থাগার দিবস

‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে জাতীয় গ্রন্থাগার নিরলসভাবে কাজ করছে’ — সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় গ্রন্থাগার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাত্পদতা দূরীকরণ, সর্বোপরি জনসাধারণের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ গ্রন্থাগারের মূল উদ্দেশ্য।

আজ জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে গণগ্রন্থাগারের ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে পালিত হতে যাচ্ছে চতুর্থ জাতীয় গ্রন্থাগার দিবস। তিনি জানান, সারা দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি আছে। সেগুলো ডিজিটালাইজেশনের কাজ চলছে। এর ফলে সকল লাইব্রেরির তথ্য একটি জায়গাতেই পাওয়া যাবে। ধীরে ধীরে দেশের বেসরকারি লাইব্রেরিগুলোকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সারা দেশে একযোগে শুরু হবে গ্রন্থাগার দিবস পালনের আয়োজন। এরমধ্যে কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আরো থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।