রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাত আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। ঐ আসামির নাম সাফায়েত জামিল। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ঐ শিক্ষার্থী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঐ শিক্ষার্থীর বান্ধবী নেহাকে পুলিশ আটক করেছে। তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন।
গত ২৯ জানুয়ারি মদপান করানো ও ধর্ষণের অভিযোগ এনে ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলায় করেন। মামলায় নিহত তরুণীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরীকে (২১) ধর্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়। অন্য চার আসামির মধ্যে তিন জন হলেন নুহাত আলম তাফসির, আরাফাত ও নেহা। আরেক জনের নাম জানা যায়নি। মামলায় অজ্ঞাত হিসেবে তাকে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাত আলম তাফসিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অতিরিক্ত মদপানের ঘটনায় নিহত ঐ শিক্ষার্থীর আরেক বন্ধু আরাফাত রাজধানীর সিটি জেনারেল হাসপাতালে মারা যান।