মোহাম্মদপুরে মদপানে শিক্ষার্থীর মৃত্যু

বান্ধবী নেহা আটক, অজ্ঞাত সেই আসামির আত্মসমর্পণ

রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামী নেহাকে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ওই মামলার অজ্ঞাত এক আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। ওই আসামীর নাম সাফায়েত জামিল। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ওই শিক্ষার্থী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ২৯ জানুয়ারি মদপান করানো ও ধর্ষণের অভিযোগ এনে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলায় দায়ের করেন। মামলায় নিহত তরুণীর বন্ধু মর্তুজা রায়হান চৌধুরীকে (২১) ধর্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়। অন্য চার আসামির মধ্যে তিন জন হলেন, নুহাত আলম তাফসির (২১), আরাফাত (২৮) ও নেহা (২৫)। আরেকজনের নাম জানা যায়নি।

মামলায় অজ্ঞাত হিসেবে তাকে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মর্তুজা রাহয়ান  চৌধুরী ও নুহাত আলম তাফসিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অতিরিক্ত মদপানের ঘটনায় নিহত ওই শিক্ষার্থীর আরেক বন্ধু আরাফাত রাজধানীর সিটি জেনারেল হাসপাতালে মারা যান। 

ইত্তেফাক/এসআই