আল-জাজিরাকে একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহারের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাযিরাকে একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সংগঠনটি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার তোয়াক্কা না করা আল জাজিরার অভ্যাসে পরিণত হয়েছে। অনেক দিন ধরেই আল জাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব মন্তব্য করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কর্তৃক ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রচারিত ভিডিও-চিত্রে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার সম্পর্কে মনগড়া তথ্য প্রচার করেছে। এটা কাঙ্খিত যে, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে সংবাদ প্রচার করবে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার নামে আল জাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। সংবাদ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও যথাযথ প্রমাণভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আল জাজিরার প্রচারিত তথ্যচিত্রে কিছু ব্যক্তির বক্তব্য প্রমাণ ব্যতিরেকে মিউজিক ও স্পেশাল এফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে; যা উদ্দেশ্য প্রণোদিত।

এ প্রতিবেদন রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আল জাজিরার ভূমিকা এবং ৫ মে ২০১৩ হেফাজতের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে বানোয়াট সংবাদ পরিবেশনের বিষয়টি স্মরণযোগ্য। আল জাজিরার সাম্প্রতিক অপপ্রচার দেশের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ এবং দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস বলেই আমরা মনে করি।

বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানায় শিক্ষক সমিতি। 

ইত্তেফাক/কেকে