পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ (বিবিএসএস) অনলাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম কর্মসূচি পালন করে বিবিএসএস। আন্তর্জাতিক সংস্থাসহ বাংলাদেশ কর্তৃপক্ষকে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বিবিএসএস। এসময় আন্তর্জাতিক সন্ত্রাসীদের আশ্রয় ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ায় পাক সরকারের সমালোচনাও করেন সংগঠনের চেয়ারম্যান তৌফিক আহমেদ।
পৃথক আরেকটি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল পালন করে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম। বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনের কাছে এ কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে পাকিস্তানে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, কাশ্মীরে পাকিস্তানে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জনগণের ওপর অত্যাচার, বেলুচিস্তান, সিন্ধ ও করাচীতে বিচারবহির্ভূত হত্যা ও গিলগিট বালতিস্তান অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ব্যাপক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের মানুষের মানবাধিকারের প্রতি সম্মান জানানোর দাবি তোলেন। এর পাশাপাশি বেলুচিস্তানে বিচারবহির্ভূত হত্যার তদন্তের জন্য জাতিসংঘের অনুসন্ধানী দলকে অনুমতি দেওয়ার জন্য স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, আল-জাজিরার ভিত্তিহীন বিভ্রান্তিকর মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে ষড়যন্ত্রে লিপ্ত। তার মধ্যে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা ও গভীর চক্রান্ত আছে বলে আমরা মনে করি।
ইত্তেফাক/এএইচপি