এই সময়ের ছড়া

বিলাইনামা

 

: হুনো দুধের গাই...        আরো তো দুধ চাই:

  যা প্রয়োজন,               খুব সামান্যই পাই।

: খাওন-দাওন নাই:         আইজকেরটা কাইল,

  কাইলকেরটা বিকালে...   আছি যে কী হালে!

 

: চাইর দিকে তো খরা,     কী আর আছে করা...

  কত্তো আর ঘাস পাই?       খড়কুটাও নাই,

  খরচপাতি চড়া,            তুইও তো আধমরা:

  দুধ না দিলে তোরে        দিমুনে জবাই।

 

: অকম্মা সব বিলাই         মোর দুধেই পোষেন,

  আবার মোরে দোষেন!    বিলাই কিছু দ্যায়?

  একটাও কি বিলাই        দেন কখনো জবাই!

  হুনলে কটুবাক্য            দুঃখ কিন্তু পাই।

 

  আরো একখান কথা,      দেখেন-না খোঁজ করে:

  যারে দিয়ে দুধ দোহান,   সেও তো চুরি করে...

: গরু রে রামগরু,          সবই আমি জানি:

  ইন্দুর মারতে ঘরে        বিলাই টাইনা আনি,

 

  সাধে পালি তারে?        উঠছে মাথার ছাদে:

  লেঙ্গুর ধইরা টানি,        খামচায় পিঠে-কাঁধে...

  মাঝে-মধ্যে ভাবি         ঘরখানা দিই ছেড়ে:

  ঘুমের ভিতর দেখি,       আব্বা আসেন তেড়ে...

 

 

: বিলাই দিলে লাই         দশা এমনটাই...

  কুত্তা ঢুকান ঘরে,         বিলাই যাবে সরে;

  আমি দুধের গাই,         ক্যান? দেবেন জবাই!

  বাঁইচা থাকলে আমি      আপনার মরণ নাই...