কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কালীগঞ্জে শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহেল আহম্মেদ (২২)। তিনি মাহতাব উদ্দিন সরকারি কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। নিহতের বড় ভাই জুয়েল হোসেন জানান, সকাল ৮টার দিকে তার ছোট ভাই ধানখেতে সার দেওয়ার জন্য মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেন রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।