ভোমরা স্থলবন্দরে তিন ট্রাক শ্যামা চাল জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশে অননুমোদিত ৮৭ মেট্রিক টন ওজনের তিন ট্রাক ভারতীয় উচ্চমূল্যের শ্যামা চাল জব্দ করা হয়েছে। নন-বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত এই চালগুলো আমদানি করার অভিযোগে তা জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে এসব চাল জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার জানান, কম রাজস্ব মূল্যের নন-বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরা স্থলবন্দরে আমদানি করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাস্টমসের সহযোগিতায় সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ভারতীয় ট্রাকে ভর্তি ৮৭ মেট্রিক টন ওজনের চাল জব্দ করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১ নম্বর গোডাউনে সিলগালা অবস্থায় রাখা হয়েছে। ভারতীয় এই চালের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরো জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের মেসার্স পলাশ ট্রেডার্স এই চাল ভারত থেকে আমদানি করেন। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালগুলো ভারতীয় উচ্চমূল্যের শ্যামা চাল। কাগজপত্র যাচাই-বাছাই ও চাল পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।