আসিফ-অধরার পাগলের মতো ভালোবাসি

 

দীর্ঘ ৫ বছর পর মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা আসিফ নূর ও অভিনেত্রী অধরা খান। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল এই ছবির। প্রায় ৪ বছর পর ২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে এরপরই করোনা ভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওযায় এটি আর তখন মুক্তি দিতে পারেননি নির্মাতা। অবশেষে শুটিং শুরুর ৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে প্রেমের গল্প নিয়ে তৈরি ‘পাগলের মতো ভালোবাসি’। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এই ছবিতে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। মুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবিটির অভিনেতা আসিফ নূর। তিনি বলেন, ‘পরিচালক শাহীন সুমনের আলাদা একটা দর্শকপ্রিয়তা রয়েছে। এছাড়া দর্শকরা নতুন একটি গল্প পাবে এই ছবিতে। ছবিটিতে সবাই তার নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছেন। আশা করছি ছবিটি সকলের ভালো লাগবে।’ এ প্রসঙ্গে অধরা বলেন, ‘প্রথম ছবির বিষয়টি সবসময় অন্যরকম। যে ছবিটির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সেটি মুক্তি পাচ্ছে এত দীর্ঘ সময় পর, সেজন্য খারাপ লাগা আছে। তবে আনন্দের বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত দর্শকরা ছবিটি দেখতে পাবেন। সবাইকে আহ্বান জানাবো স্বাস্থ্যবিধি মেনে ছবিটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।’ সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত এই ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় ছিলেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন।