ইন্দোনেশিয়ায় স্কুলে ধর্মীয় পোশাক বাধ্য করা নিষিদ্ধ

ইন্দোনেশিয়ার পাবলিক স্কুলগুলোতে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক খ্রিস্টান ছাত্রীকে শ্রেণিকক্ষে হিজাব পরতে চাপ প্রয়োগ করার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ মেয়েটি যে স্কুলের শিক্ষার্থী সেখানে হিজাব পরা বাধ্যতামূলক ছিল। এ সংক্রান্ত নিয়ম যেসব স্কুলে রয়েছে সেগুলো প্রত্যাহার করতে স্কুলগুলোকে ৩০ দিন সময় বেধে দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ যেখানে অন্য ধর্মগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়। গত বুধবার সরকারি ফরমান হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। যেসব স্কুল এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে।  এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাদিয়েম মাকারিম বলেন, ধর্মীয় পোশাক পরবে কি না তা এক জনের ব্যক্তিগত স্বাধীনতা। স্কুল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। দেশটির পাদাং শহরের একটি কারিগরি স্কুলের এক ছাত্রীকে হিজাব পরতে বারবার জোর করার পর ঘটনাটি সম্প্রতি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। ছাত্রীটি হিজাব পরতে অস্বীকৃতি জানালে তার অভিভাবকদের স্কুলে ডাকা হয়। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সেই ভিডিও গোপনে ধারণ করেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে অনলাইনে ব্যাপক সমালোচনা হয়।    —বিবিসি