এখনো ফিট নন নাদাল

আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্রান্ড স্ল্যামটি সামনে রেখে ভক্তদের মনে শঙ্কা বাড়িয়েই চলছেন রাফায়েল নাদাল। কোমরের ইনজুরির কারণে খেলার জন্য এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি স্প্যানিশ এই টেনিস তারকা। যদিও গত বৃহস্পতিবারই কোর্টে ফেরার কথা ছিল তার। কিন্তু নাদাল জানালেন, ম্যাচের জন্য তৈরি হতে আরো সময় লাগবে। তিনি বলেন, ‘আমি খেলার মতো পর্যায়ে নেই। ধীরে ধীরে উন্নতি করছি তবে আমি সর্বোচ্চ মনোযোগ নিয়ে ম্যাচ খেলার জন্য তৈরি নই। এর মানে এই নয় যে আমি খুব বাজে অবস্থায় আছি।’ অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে এটিপি কাপে খেলার কথা ছিল নাদালের। কিন্তু দুটো ম্যাচের একটিতে  খেলতে পারেননি ২০টি গ্রান্ড স্ল্যাম জেতা এই খেলোয়াড়।