গাজীপুরে তুচ্ছ ঘটনায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেক আলী। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি ঐ এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসার এবার স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্য ছায়াবীথি এলাকার একটি মুদি দোকানের সামনে সাদেকের সঙ্গে কাওসারের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ধারালো অস্ত্র উঁচিয়ে সাদেককে ধাওয়া করেন। ধারালো অস্ত্রটি তার সঙ্গেই ছিল। একপর্যায়ে ছুরি দিয়ে সাদেকের গলায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেধেছিল। কাওসারকে গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।