দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর হার তিন শতাংশের নিচে নেমে এসেছে। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ, যা গত বছরের এপ্রিলের পর সবচেয়ে কম। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। সবশেষ গতবছরের ৬ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন তিন জনের মৃত্যুর খবর এসেছিল। আর গত ২৯ জানুয়ারি সাতজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করে দেশে ৪৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ৭ জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৮২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০৬টি ল্যাবে ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি নমুনা। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ চার জন, আর নারী তিন জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ২০০ জন, আর নারী মারা গেছেন ১ হাজার ৯৮২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছয় জন আর রাজশাহী বিভাগের আছেন এক জন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মারা গেছেন।