যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটবে :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই। যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে। গতকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নড়াইলের আদালতে ২ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রিজভী বলেন, এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার পরিস্থিতি নেই। তাই পূর্বের মতো রাষ্ট্রের ভয়াবহ পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রিজভী আরো বলেন, সরকার জিয়া পরিবারকে টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে চলেছে।

এদিকে গতকাল বিকালে শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। আইন-আদালত সবকিছু চলছে তাদের নির্দেশে। মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, এস এম জিলানি, নজরুল ইসলাম, ডা. জাহিদ, শিমুল ও রাসেলসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।