নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে উদ্বোধন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস। মুজিববর্ষে এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার। গতকাল শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচলক মো. আবুবকর সিদ্দিক।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘লাইব্রেরির আবেদন কখনো শেষ হবে না। আর শুধু বই পড়লেই হবে না, পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে এবং শিখতে হবে। তবেই আমরা সমৃদ্ধ হবো।’ কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বই এবং গ্রন্থাগার একে অন্যের পরিপূরক। ভাষা, একুশ এবং গ্রন্থ সবই আমাদের জন্য পরিপূরক শব্দ।