মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিকে বাংলাদেশ শুভেচ্ছা উপহার হিসাবে ভারত থেকে কেনা করোনা ভ্যাকসিনের ৫ হাজার ডোজ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই ভ্যাকসিন নেবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশটির সরকার।
গত বৃহস্পতিবার গণমাধ্যম হাঙ্গেরি টুডের এক প্রতিবেদনে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫ হাজার ডোজ করোনা ভ্যাকসিন শুভেচ্ছাস্বরূপ হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, হাঙ্গেরি এই ভ্যাকসিন নিতে চায় না। তবে, ভ্যাকসিন গ্রহণ না করার কারণ জানায়নি বুদাপেস্ট। দেশটির ট্যাবলয়েড পত্রিকা ব্লিক গত বুধবার জানিয়েছিল, সংযুক্ত যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে সফল অপারেশনের মাধ্যমে আলাদা করা এবং অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান চিকিত্সকদের ৫০০ রোগীর প্ল্যাস্টিক সার্জারির কৃতজ্ঞতাস্বরূপ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫ হাজার ডোজ ভ্যাকসিন হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সরকারপন্থি ‘ম্যাগেয়ার নেমজেত্’ পত্রিকাকে বলেছে, আমরা বাংলাদেশের এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু, এটা গ্রহণ করছি না।’
প্রসঙ্গত গত রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে ৫ হাজার ডোজ টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে।’