বিনোদন রিপোর্ট
তরুণ কণ্ঠশিল্পী রেহান রসুল বেশ কিছুদিন ধরে গানের সঙ্গে পথ চলছেন। এর আগে তার ‘বাজে স্বভাব’ ও ‘ফেরাতে পারিনি’ শিরোনামের দুটি গান শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় রেহান নতুন বছরে হাজির হলেন নতুন গান নিয়ে। গত ৩ ফেব্রুয়ারি ‘আমি তোমার হয়ে যাই’ শিরোনামের রোমান্টিক একটি গান উপহার দিলেন শ্রোতাদের। কবির বকুলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিওতে মডেল হয়েছেন অপূর্ব ও সাবিলা। ভিডিওটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। এছাড়াও শিগগিরই আসছে তার নতুন দুটি গান। সেই কাজ নিয়েই বর্তমানে রেহানের ব্যস্ততা চলছে বলে জানান তিনি।
কবির বকুলের সঙ্গে নিজের গান ও সংগীতের সঙ্গে পথচলা প্রসঙ্গে রেহান বলেন, ‘কবির বকুল স্যারের সঙ্গে কথা বলার সাহস ছিল না আমার। সেই ভাইয়া আমাকে গাওয়ার জন্য কল করলেন! এখনো ভাবলে শরীর শিউরে ওঠে। আমি খুব ভাগ্যবান, তার সঙ্গে কাজ করতে পেরেছি।’
নিজের পরবর্তী গান ও পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, ‘সামনে আমার নতুন দুটি গান আসছে। অন্যরকম খুন শিরোনামের একটি গানের কাজ প্রায় শেষ। এখন মিউজিক ভিডিওর কাজ চলছে। গানটির কথা ও সুর আমি নিজেই করেছি। এছাড়া আমাদের নিজেদের ব্যান্ড থেকে আমার ও মাহমুদের কণ্ঠে একটি দ্বৈত গান আসছে মার্চে। এই গানটিও ভালোবাসা দিবসে মিউজিক ভিডিও আকারে রিলিজ দেওয়ার ইচ্ছে আছে।
উল্লেখ্য, সম্প্রতি আকাশ চক্রবর্তীর কথা ও সুরে ‘গণ্ডি’ ছবিতে গায়ক হিসেবে অভিষেক হয়েছে রেহানের।