প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচার-প্রচারণা

রামগতি ও ত্রিশাল পৌরসভা নির্বাচন

ইত্তেফাক ডেস্ক

প্রতীক বরাদ্দের পর রামগতি পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। অপরদিকে ত্রিশাল পৌরসভা নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের চলছে ভোট প্রার্থনা। সকাল থেকে রাত পর্যন্ত এসব প্রচারণায় উত্সবের আমেজ বিরাজ করছে। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

রামগতি (লক্ষ্মীপুর) :মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের চলছে জমজমাট প্রচার-প্রচারণা। এ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে ৫৪ জনের মনোনয়নপত্র বৈধ বলে স্বীকৃতি পায়। পরে কাউন্সিলর পদে এক জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া উচ্চ আদালত থেকে দুই জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন মেয়র পদে ছয়, কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জনসহ এখন ৫৫ জন প্রার্থী নির্বাচনি মাঠে লড়াই করছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু (প্রতীক-নৌকা), বিএনপি মনোনীনত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্যাহ (নারিকেল গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সংগঠনটির পৌর শাখার সহসভাপতি মো. আবদুর রহিম (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ত্রিশাল (ময়মনসিংহ) :নির্বাচনি মাঠে চলছে নানা জল্পনা-কল্পনা ও বিভিন্ন আলোচনা-সমালোচনা। অলিগলি, চায়ের দোকান ও মোড়ে মোড়ে নির্বাচনি পরিকল্পনা চলছে ভোটারদের মধ্যে। নির্বাচনে জয়লাভের প্রচেষ্টায় স্ব-স্ব প্রার্থীর সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের চলছে ভোট প্রার্থনা। মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে বর্তমান মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী, নবী নেওয়াজ সরকার নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী, রুবায়েত হোসেন শামীম ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে এবং ইসলামী  আন্দোলন থেকে আবুল হাসান হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী এম এ এস আলম বাবলু গত ৩ জানুয়ারি মারা গেলে পুনঃতপশিল ঘোষিত হয় ১৭ জানুয়ারি।

প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

এদিকে ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলপুর পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। জমজমাট নির্বাচনী প্রচারণায় এখন সরগরম পৌরশহর। মেয়র পদে প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের শশধর সেন (নৌকা), বিএনপির মো. আমিনুল হক (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহ্জাহান (জগ), বিএনপির বিদ্রোহী  প্রার্থী  রকিবুল হাসান সোহেল (নারিকেল গাছ) ও স্বতন্ত্র  প্রার্থী এম এইচ ইউসুফ (মোবাইল)। বিএনপি প্রার্থী মো. আমিনুল হক বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহ্জাহান দুইবারের সাবেক নির্বাচিত মেয়র।

সাতকানিয়ায় গণসংযোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতকানিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম ফেরদৌস রুবেল পাঞ্জাবী মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।